জাতীয়

বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে: বিলস

জাতীয় বাজেট বাংলাদেশের শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের প্রত্যাশা কতটুকু পূরণ করবে সে প্রশ্নকে সামনে রেখে আজ ২৬ জুন ২০২৬, শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এর উদ্যোগে “জাতীয় বাজেটে শ্রমিকের ন্যায্য হিস্যা, বাজেট-২০২৬-২৭ এর পর্যালোচনা ও প্রস্তাবনা” শীর্ষক একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।

বিলস এর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই ব্রিফিংয়ে সূচনা বক্তব্য রাখেন বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, পর্যালোচনা ও প্রস্তাবনা তুলে ধরেন গবেষণা বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম এবং সমাপনী বক্তব্য রাখেন বিলস উপদেষ্টা পরিষদের সদস্য মেসবাহউদ্দীন আহমেদ।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শ্রমিক অধিকার এডভোকেসি অ্যালায়েন্সের সদস্য রাজেকুজ্জামান রতন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম সমন্বয়কারী এএএম ফয়েজ হোসেন, শ্রমিক নিরাপত্তা ফোরামের প্রতিনিধি রাজিব আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিলস এর পরিচালক কোহিনুর মাহমুদ।

বিলস এর পক্ষ থেকে উল্লেখ করা হয়, শ্রমিক-ছাত্র-জনতার একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের গণতান্ত্রিক অভিযাত্রার ধারাবাহিকতায় বর্তমান সরকারের এটি প্রথম বাজেট। সুতরাং, স্বাভাবিকভাবেই এই বাজেটকে ঘিরে শ্রমিক, কৃষকসহ দেশের সকল মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। তবে বাজেটে সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়টি ইতিবাচক হলেও বরাবরের মতোই এই বাজেট প্রণয়নে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পর্যাপ্ত পরামর্শ না করায়, বিশেষ করে সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষের প্রতিনিধিদের মতামত গ্রহণ না করায় বাজেটের বিভিন্ন খাতে বরাদ্দসমূহের কার্যকর ব্যবহার এবং বর্তমান শ্রমক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় যে সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রয়োজন, তার যথাযথ প্রতিফলন এই বাজেটে দেখা যায় নি।

বাজেটকে শ্রমিকবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করতে বিলস এর পক্ষ থেকে ১৫ দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বাজেট প্রণয়নে গণতান্ত্রিক চর্চার প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা এবং শ্রমিক প্রতিনিধিদের মতামত গ্রহণ নিশ্চিত করা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে শক্তিশালী করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে টিন-এর বাধ্যবাধকতা শ্রমজীবী মানুষের জন্য প্রত্যাহার করা, জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে সমন্বয় করে শ্রমিকদের একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেস তৈরি এবং বেকার ও অসহায় শ্রমিকদের জন্য ‘শ্রমিক কার্ড’ প্রণয়ন করা, কর্মসংস্থান সৃষ্টির দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী সমন্বিত দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা, সর্বজনীন পেনশন স্কিমে সকল শ্রমিককে অন্তর্ভুক্ত করা এবং বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচিতে নিম্ন আয়ের শ্রমিকদের সুযোগ বৃদ্ধি করা, শিল্প এলাকায় ন্যায্যমূল্যে রেশন শপ চালু, বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র স্থাপন এবং নারী শ্রমিকদের জন্য ডরমিটরি নির্মাণের ব্যবস্থা করা এবং বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আধুনিকায়ন করে পুনরায় চালু করার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা।

বিলস এর পক্ষ থেকে জোর দিয়ে উল্লেখ করা হয়, বাজেট যদি দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখতে না পারে, তবে তা প্রকৃত অর্থে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি হিসেবে গণ্য হবে না। সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে শ্রমিকদের এই ন্যায়সঙ্গত দাবিগুলো পর্যালোচনার আহ্বান জানানো হয়, যাতে একটি টেকসই ও শ্রমিকবান্ধব বাজেট নিশ্চিত করা সম্ভব হয়।

অনুষ্ঠানে বিলস ও জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ, শ্রমিক অধিকার সংগঠনসমূহের প্রতিনিধি ও গবেষকগণ সহ মিডিয়া প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ