সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস


দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টিও।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতকং সংকেত দেখাতে বলা হয়েছে।
অপর এক বার্তায় বলা দেশের তিন বিভাগে দুই দিন ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকাল ৯টা থেকে আগামী মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
এ ছাড়া আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।



