ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী


কক্সবাজারে ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্সভিত্তিক একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, এ ধরনের একটি বিশ্ববিদ্যালয় আরও ১৫ থেকে ২০ বছর আগেই হওয়া উচিত ছিল।
শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের লং বিচ হোটেলের মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘কক্সবাজারের সঙ্গে ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্সের বিষয়টি সরাসরি সম্পর্কিত। এ খাতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি যৌক্তিক। অতীতে এটি হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।’
এ সময় তিনি আরও জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে চালুর লক্ষ্যে কাজ চলছে।
সুধী সমাবেশে স্থানীয় সংসদ সদস্যরা কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামোগত দাবি তুলে ধরেন। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, নতুন থানা স্থাপন, হোটেল-মোটেল জোনের আইন সংশোধনসহ বিভিন্ন দাবি জানান।
অন্যদিকে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা উপস্থিতির কারণে উখিয়া-টেকনাফ অঞ্চলের পরিবেশ ও জনজীবন চাপে রয়েছে।
কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণ এবং কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
সব দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিষয়গুলো নোট করা হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, স্বরাষ্ট্র মন্ত্রীর সহধর্মিণী, সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রমুখ।



