শীর্ষ নিউজ

জাইমা রহমানের ছবি দিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগে বাগেরহাটে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে গত সোমবার (৮ জুন) রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল এলাকা থেকে শেখ রসুল ওরফে রফিকুল (২৪) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। রসুল উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে।

পুলিশ জানায়, কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে শেখ রসুলকে আদালতে তোলে পুলিশ।

বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, আসামিকে বাগেরহাট আমলী আদালত-৯ এর বিচারক জেবুন্নেছার আদালতে তোলা হয়। প্রাথমিক শুনানি শেষে বিচারক তাকে কারাগারে (জেলহাজতে) পাঠানোর আদেশ দেন। পরে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শেখ রসুল ওরফে রফিকুল তার ফেসবুক আইডি থেকে জাইমা রহমানের ছবি দিয়ে একটি আপত্তিকর পোস্ট করেন। মূলত অন্য একটি ফেসবুক আইডি থেকে পাওয়া ওই বিতর্কিত পোস্টটি ডাউনলোড করে নিজের আইডিতে প্রচার করেছিলেন রফিকুল।

এই ঘটনায় কচুয়া থানায় আব্দুস সালাম নামের এক ব্যক্তির দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ