রাজধানী

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, দেশীয় খুনিদের চিহ্নিতকরণ, পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (৫ জুন) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদসংলগ্ন ওসমান হাদির সমাধির সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বাংলাদেশের আজাদি, ওসমান হাদি’ এবং ‘জানতে চায় জনতা, নাম বলো মমতা’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারকে স্পষ্ট অবস্থান জানাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিষয়ে সরকারের আরও গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, হাদি হত্যার বিচারের দাবিতে আমাদের আল্টিমেটাম দেওয়ার পর্ব শেষ। এখন সরকারের দায়িত্ব বিচার নিশ্চিতের রোডম্যাপ ঘোষণা করা। প্রয়োজনে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে।

বিচার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলারও সমালোচনা করেন জাবের। তিনি বলেন, তদন্ত ছাড়াই আন্দোলনকারীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা বন্ধ হওয়া প্রয়োজন।

হত্যাকাণ্ডের পেছনে দেশি-বিদেশি সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তিনি বলেন, ঘটনার পর থেকেই নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন রয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাবের বলেন, দ্রুত তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়ার একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। একই সঙ্গে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নিতে হবে।

এই বিভাগের আরও সংবাদ