রাজধানী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর সড়কে এআই দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সফলতা এসেছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘ট্রাফিকের পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে।’

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সমাবেশে যোগ দিয়ে তিনি এই কথা জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘যদি আমাদের মাইন্ড সেটাপ থাকে আমরা পরিবেশ নিয়ে সচেতন হবই, তাহলে যেকোনো কিছু বাস্তবায়ন করা যাবে। আমরা আমাদের দ্বায়িত্ব পালন করছি, যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারাও এগিয়ে আসবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বলছি না একদিনেই পারব, আমরা তাদের মাধ্যমে বাস্তবায়ন কর‍তে চাই। আমরা সবাই মিলে শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করব।’

আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণরূপে শব্দদূষণ নিয়ন্ত্রিত থাকবে বলেও জানান শফিকুল ইসলাম। এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কোনো লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও সংবাদ