জাতীয়

পদ্মা নদীতে বাসডুবি, চালক-সহকারী হাসপাতালে ভর্তি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের ঢালা ভেঙে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এসবি পরিবহনের একটি বাস এ দুর্ঘটনায় পড়ে। তবে এতে কোনো যাত্রী ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর বাসটি কেবল চালক ও সহকারী নিয়ে ওঠার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন ভেঙে বাসটি পদ্মায় পড়ে যায়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। সবাই নিশ্চিত করেছেন যে বাসে কোনো যাত্রী ছিল না। তিনি আরও জানান, বাসটি ওই ফেরিতে ওঠার কথা ছিল না এবং এটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।

তিনি জানান, ডুবুরি দল ঘটনাস্থলে কাজ করছে এবং বাস উদ্ধারের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ