বৈরী আবহাওয়া উপেক্ষা করে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল


বৈরী আবহাওয়া উপেক্ষা করেই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেলস্টেশনে বুধবার (২৭ মে) সকাল থেকেই ছিল যাত্রীদের ভিড়। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ছিল অতিরিক্ত চাপ।
অনেক যাত্রী অভিযোগ করেন, টিকিট কেটেও তারা নির্ধারিত আসন পাননি। এছাড়া ঝুঁকি নিয়ে অনেককে ট্রেনের ছাদে ভ্রমণ করতেও দেখা গেছে। রেলওয়ে সূত্র জানায়, সকাল ১০টা পর্যন্ত মোট ১৮টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়।
রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে ট্রেনটি ধীরগতিতে চলেছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করে যাত্রী ওঠানামা করাতেও কিছুটা বেশি সময় লেগেছে।
ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণের বিষয়ে তিনি জানান, এটি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে অতিরিক্ত যাত্রীচাপ ও বিশৃঙ্খলা এড়াতে অনেক ক্ষেত্রে ছাদ থেকে যাত্রী নামানো সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, দুপুরের পর যাত্রীচাপ কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।



