ফরিদপুরে ঝড়ে উপড়ে পড়ল বটগাছ, অল্পের জন্য প্রাণে বাঁচল একটি পরিবার


নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে একটি পুরোনো বটগাছ উপড়ে বসতঘরের ওপর পড়ে গেছে। এতে ঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে একটি পরিবার।
সোমবার (১৮ মে) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ইদগাহপাড়া এলাকায় পিটুল মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির পাশের ইদগাহ মাঠের কোণায় থাকা বিশাল পুরোনো বটগাছটি ঝড়ে উপড়ে গিয়ে পিটুল মোল্যার টিনশেড বসতঘরের ওপর আছড়ে পড়ে। গাছের চাপে ঘরের বেশিরভাগ অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘরের আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর হঠাৎ উত্তর ও পশ্চিম দিক থেকে তীব্র ঝড় শুরু হয়। ঝড়ের সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতর থেকে বারান্দায় চলে যান। ঠিক সেই মুহূর্তে বিকট শব্দে বটগাছটি ঘরের ওপর ভেঙে পড়ে।
পিটুল মোল্যা বলেন, “ঝড় শুরু হলে আমরা সবাই ঘরের বাইরে বারান্দায় চলে যাই। পরিবারের একজন সদস্য তখন গোয়ালঘরের তালা দিতে গিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দ করে গাছটি ঘরের ওপর পড়ে। আল্লাহর রহমতে আমরা প্রাণে বেঁচে গেছি। না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।”
তিনি আরও বলেন, ঘরের ভেতরে থাকা খাট, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনমজুর হওয়ায় নতুন করে ঘর নির্মাণ করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অলৌকিকভাবে পরিবারটি বেঁচে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় মানুষজন।
এদিকে কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন বলেন, “বটগাছ পড়ে একটি পরিবারের ক্ষতির খবর পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।”



