জাতীয়

হিজলায় উৎসবমুখর পরিবেশে ‘ভূমিসেবা মেলা’ শুরু

নিজস্ব প্রতিবেদক, হিজলা (বরিশাল): “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলার হিজলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’।

আজ ১৯ মে (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা ঘটে। তিন দিনব্যাপী আয়োজিত এই মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

​আজ সকাল ৯:৩০ মিনিটে মেলা উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হিজলা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় নাগরিকরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

​র‍্যালি শেষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

​হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইলিয়াস শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।

​এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সেবা নিতে আসা শত শত সুবিধাভোগী উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সাধারণ মানুষকে ভূমি সেবা সম্পর্কে সচেতন করা, সহজে ও ভোগান্তিহীনভাবে ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে স্টলগুলোতে সরাসরি সেবা নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আগত সুবিধাভোগীরা।

এই বিভাগের আরও সংবাদ