জাতীয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আফগানিস্তান

মুসলিমপ্রধান আফগানিস্তান-এ ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে।

সংবাদমাধ্যম খামা প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (১৬ মে) সন্ধ্যায় দেশজুড়ে জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হলেও কোথাও এর দেখা মেলেনি। এ কারণে রোববার (১৭ মে) জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে।

আফগানিস্তানের সর্বোচ্চ আদালত জানিয়েছে, দেশটিতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। একই সঙ্গে আরাফাতের দিন পালিত হবে ২৬ মে।

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ঐতিহ্যগতভাবে স্থানীয় চাঁদ দেখা কমিটির মাধ্যমে ইসলামি উৎসবের তারিখ নির্ধারণ করা হয়। পৃথকভাবে চাঁদ পর্যবেক্ষণের কারণে অনেক সময় দেশটির ধর্মীয় ছুটির সময়সূচি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভিন্ন হয়ে থাকে।

প্রতি বছর ঈদের আগে দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার আয়োজন করে। এতে আলেম ও স্থানীয় কমিটিগুলো দেশের বিভিন্ন এলাকা থেকে চাঁদ দেখার তথ্য সংগ্রহ করে থাকে। পরে যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। বিশ্বের মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে এ উৎসব বিশেষ নামাজ, পশু কুরবানি ও পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ