শি-ট্রাম্প বৈঠক বিশ্বে স্থিতিশীলতা ও নিশ্চয়তা এনেছে: চীন


চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেইজিংয়ে অনুষ্ঠিত শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠক দুই দেশের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠকে উভয় নেত “নতুন কিছু অভিন্ন সমঝোতায় পৌঁছেছেন বলেও জানিয়েছে চীন।
শুক্রবার (১৫ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শি ও ট্রাম্প কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিতে গঠনমূলক চীন–যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তোলার নতুন দৃষ্টিভঙ্গিতে একমত হয়েছেন, যা আগামী তিন বছর এবং তারও পরে দুই দেশের সম্পর্ক পরিচালনায় ভূমিকা রাখবে।
বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতার এই বৈঠক পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, আস্থা গভীর করা এবং বাস্তবভিত্তিক সহযোগিতা এগিয়ে নিতে সহায়তা করেছে। একই সঙ্গে এই শীর্ষ বৈঠক বিশ্বে অত্যন্ত প্রয়োজনীয় স্থিতিশীলতা ও নিশ্চয়তা এনেছে বলেও উল্লেখ করা হয়।
চীন আরও জানিয়েছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে যোগাযোগ ও সমন্বয় জোরদার করা এবং পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো যথাযথভাবে মোকাবিলায়ও দুই পক্ষ সম্মত হয়েছে।


