নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলার পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর কাবাডি বাছাই পর্বে মাঠে নামার স্বপ্ন ছিল দেশের জার্সি গায়ে চাপানোর। কিন্তু খেলার মাঝেই গুরুতর আঘাতে থমকে যায় চাঁপাইনবাবগঞ্জের কিশোরী কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের পথচলা। সেই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুন সম্প্রতি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর কাবাডি ইভেন্টের বাছাই প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে পেটে গুরুতর আঘাত পান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাকে।
বিষয়টি জানার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিথিলার খোঁজখবর নেন। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে মায়ের সঙ্গে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে মিথিলার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে কথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী আহত এই খেলোয়াড়কে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার সাহস ও অনুপ্রেরণা দেন। পাশাপাশি উন্নত চিকিৎসার ব্যয় বহনের জন্য মিথিলার পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “দেশের তৃণমূল পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের পাশে সরকার সবসময় রয়েছে। মিথিলার চিকিৎসা ও ভবিষ্যতের যেকোনো প্রয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহযোগিতা করবে।”
মিথিলার মা সেলিনা প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তার মেয়ের চিকিৎসা, পড়াশোনা ও খেলাধুলায় ফিরে আসার পথে নতুন সাহস জোগাবে।
তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সাড়া ফেলেছে। আর সেই আয়োজন থেকেই উঠে আসা মিথিলার মতো প্রতিভাদের পাশে সরকারের এই সহায়তাকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।



