আন্তর্জাতিক

ইরানকে চাপ দিতে পারে চীন, তবে তার মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে

ইরানের ওপর চীনের বড় ধরনের প্রভাব রয়েছে, তবে সেই প্রভাব ব্যবহার করতে গেলে যুক্তরাষ্ট্রকে বড় মূল্য দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক অ্যালেক্স ভাতাঙ্কা।

মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ এই গবেষক আলজাজিরাকে বলেন, ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশই কিনে থাকে চীন। ফলে তেহরানের ওপর বেইজিংয়ের বিশাল অর্থনৈতিক প্রভাব রয়েছে।

তবে তিনি সন্দেহ প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের স্বার্থে চীন সেই প্রভাব ব্যবহার করবে কি না।

ভাতাঙ্কা বলেন, চীনের এমন কোনো স্বার্থ আমি দেখি না, যার জন্য তারা ট্রাম্প প্রশাসনের ইরানবিরোধী যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করবে।

তার ভাষ্য, অতীতে চীন ইরানকে প্রায়ই যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

তিনি বলেন, ইরানকে তারা এমন একটি কার্ড হিসেবে ব্যবহার করে, যার মাধ্যমে অন্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড় আদায় করা যায়।

ভাতাঙ্কা আরও বলেন, আমি যদি ইরানের অবস্থানে থাকতাম, তাহলে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করতাম।

তার ধারণা, গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের মূল উদ্দেশ্য ছিল চীনের কাছ থেকে এই নিশ্চয়তা আদায় করা যে, তারা ইরানকে একা ফেলে দেবে না।

সূত্র : আলজাজিরা

এই বিভাগের আরও সংবাদ