চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ


ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। বুধবার (১৩ মে) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করা হয়।
৫৩ বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের ৪টি বিশেষ টহলদল পৃথকভাবে অভিযান পরিচালনা করে। এর মধ্যে হাকিমপুর বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ১টি, ফরিদপুর বিওপি একই ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে ১টি, মনাকষা বিওপি চাচ্চুরচর গ্রাম থেকে ১টি এবং জহুরপুর বিওপি সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে আরও ১টি ভারতীয় গরু জব্দ করে।
জব্দকৃত ৪টি গরুর আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। পরে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
বিজিবি আরও জানায়, চলতি মে মাসে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত মোট ১৬টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। এসব গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।



