জাতীয়

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে তিনি সংবিধান প্রণেতাদের একজন ছিলেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বিভিন্ন সময়ে সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চব্বিশের জুলাই আন্দোলনে সরকার পতনের পর ওই বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। সেখানে কারাবিধি অনুযায়ী ডিভিশন পাচ্ছিলেন এই আওয়ামী লীগ নেতা। তবে নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন তিনি। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তাকে একবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সে সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেছিরেন, “উনি প্রবীণ ব্যক্তি। উনার ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিমেনশিয়াসহ বহুবিধ রোগ আছে।”

পরের বছর ২০২৫ সালের ৫ অগাস্ট রাতে বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গেল বছরের ১৪ অগাস্ট জামিনে মুক্তি পান তিনি। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামেবেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন পেলে তাকে করাগার থেকে মুক্তি দেওয়া হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। পরে ১৯৬৬ সালে লাহোরের ইঞ্জিনিয়ারিং ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

এই বিভাগের আরও সংবাদ