জাতীয়

ভোটার নিবন্ধনের জন্য নতুন নির্দেশনা ইসির

নতুন ভোটার নিবন্ধনে এসএসসি বা তদুর্ধ্ব পাস ব্যক্তির ক্ষেত্রে সার্ভারে এসএসসি সনদ বাধ্যতামূলকভাবে ডাটাবেজে সংযুক্ত করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। এতে সই করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলাম।

এতে বলা হয়েছে, ভোটার পরিচয় নিবন্ধনের অন্যতম ধাপ হিসেবে নিবন্ধন ফরম-২, নিবন্ধন ফরম-৩, বিশেষ তথ্য ফরম (ফরম-২ এর অতিরিক্ত তথ্য) (প্রযোজ্য ক্ষেত্রে), জন্ম সনদ, এসএসসি বা সমমান সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), পাসপোর্ট, আবেদনকারীর সই করা প্রুফ কপি সংযুক্ত করতে হয়। নিবন্ধন পরবর্তীকালে বিশেষ করে সার্টিফিকেটধারী ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত সংশোধন আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বিশেষ করে জন্ম তারিখের সঠিকতা নিরূপণের জন্য এসএসসি বা সমমান সনদসহ নিবন্ধন ফরম ও জন্ম সনদ যাচাইয়ের প্রয়োজন পড়ে।

সাম্প্রতিক ডকুমেন্ট সংযুক্তকরণের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সংশ্লিষ্ট আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তদুর্ধ্ব হওয়া সত্ত্বেও কিছু কিছু উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে এসএসসি বা সমমান সনদ ডাটাবেজে সংযুক্ত করা হচ্ছে না। ফলে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে এসএসসি বা সমমান সনদ যাচাই করা সম্ভব হয় না। এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা হয়। কতিপয় ক্ষেত্রে প্রুফ কপি থাকলেও শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনকারী অস্বীকার করে। ফলে সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আবেদনকারীর মধ্যে এক প্রকার অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয় যা নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এমন পরিস্থিতিতে তিন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এগুলো হলো:

> নিবন্ধিত ব্যক্তি মাধ্যমিক বা তদুর্ধ্ব পাস হলে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার ও উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক নিবন্ধকালে এসএসসি বা সমমান সনদ (জন্ম তারিখ সম্বলিত) আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করতে হবে।

> নিবন্ধিত ব্যক্তি যদি উচ্চমাধ্যমিক বা স্নাতক বা স্নাতকোত্তর বা এমফিল বা পিএইচডি বা সমমান ডিগ্রীধারী হন, তাহলে তার এসএসসি বা সমমান সনদ আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করতে হবে। পাশপাশি এসএসসি বা সমমান সনদসহ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদটি দাখিলকৃত নিবন্ধন ফরম, জন্ম সনদ ও অন্যান্য দলিলাদির সঙ্গে হার্ড কপি আকারে স্ব স্ব অফিসে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

> সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অফিস পরিদর্শনসহ অন্যান্য সময় দ্বৈবচয়নের ভিত্তিতে এ সংক্রান্ত উক্ত কার্যক্রম মনিটরিং করতে হবে।

এই বিভাগের আরও সংবাদ