মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে মার্কিন রণতরি এইচডব্লিউ বুশ


মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ওই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরিসহ যুক্তরাষ্ট্রের অন্তত ২৬টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। এছাড়াও বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। রণতরিটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। সেন্ট্রাল কমান্ড এই তথ্য জানিয়েছে।
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রণতরির একটি ছবি শেয়ার করেছে। এতে দেখা যায়, নিমিটজ শ্রেণির এই সুপারক্যারিয়ারটি ভারত মহাসাগরে চলাচল করছে।
মধ্যপ্রাচ্যে আগে থেকে থাকা মার্কিন জাহাজগুলোর সঙ্গে এই রণতরিটি যোগ দেবে, নাকি কোনো একটি জাহাজের পরিবর্তে আসছে—তা এখনো স্পষ্ট নয়। যদিও কিছু গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
এর আগে সেন্টকম জানায়, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে লোহিত সাগরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের অধীনে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অধীনে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ১৯টি জাহাজ হলো—
বিমানবাহী রণতরি: ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড।
ডেস্ট্রয়ার: ইউএসএস বেইনব্রিজ, ইউএসএস টমাস হাডনার, ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসেন জুনিয়র, ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক, ইউএসএস মাইকেল মার্ফি, ইউএসএস মিটশার, ইউএসএস রাফায়েল পেরাল্টা, ইউএসএস স্প্রুয়েন্স, ইউএসএস মিলিয়াস, ইউএসএস চার্চিল, ইউএসএস ট্রাক্সটন ও ইউএসএস মাহান।
কমব্যাট শিপ: ইউএসএস ক্যানবেরা ও ইউএসএস তুলসা। অ্যাম্ফিবিয়াস গ্রুপ: ইউএসএস ত্রিপোলি, ইউএসএস নিউ অরলিন্স ও ইউএসএস রাশমোর।
এ ছাড়া ভারত মহাসাগরে আলাদাভাবে আরও সাতটি যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। যার মধ্যে ইউএসএস জন ফিন, ইউএসএস পিঙ্কনি, ইউএসএস হিগিন্স, ইউএসএস মাস্টিন, ইউএসএস ম্যাকফল, ইউএসএস জন এল. ক্যানলি এবং ইউএসএস সান্তা বারবারা।
সূত্র: বিবিসি



