বহিরাগতদের কর্তৃক ইবি শিক্ষার্থীর উপর হামলা: শাখা ছাত্রদলের নিন্দা


ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (২২ এপ্রিল) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ এবং সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন এক যৌথ বিবৃতিতে এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি ও ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার জোর দাবি জানান।
গতকাল (২১ এপ্রিল) রাতে শিক্ষার্থীদের ওপর হওয়া এই অতর্কিত হামলার বিষয়ে ছাত্রদল নেতৃদ্বয় বলেন, “স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।”
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে বিবৃতিতে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়। পাশাপাশি হামলায় জড়িত বহিরাগত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
সবশেষে বিবৃতিতে ইবি ছাত্রদল স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানায়, সাধারণ শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের হামলা বা সন্ত্রাসী কার্যক্রম ভবিষ্যতে কখনোই বরদাস্ত করা হবে না। সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও সোচ্চার ভূমিকা পালন করবে।
এদিকে ক্যাম্পাস ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টা দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর (মফিজ লেক) এলাকায় এক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখেন ইবি চারুকলা বিভাগের শিক্ষার্থী তরুণ বিশ্বাস, জাহিন আফিফা এবং জাবি চারুকলা থেকে বেড়াতে আসা শিক্ষার্থী লিখন। পরে ওই যুগলের কাছে ক্যাম্পাস শিক্ষার্থীরা পরিচয় জানতে চাইলে তারা স্থানীয় কয়েকজনকে ফোন করে ডেকে আনে। মুহূর্তেই ৫-৬টি মোটরসাইকেলে কয়েকজন স্থানীয় যুবক ও আরেক জোড়া যুগল সেখানে জড়ো হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসের সিকিউরিটি সেলের আরশাদ বহিরাগতদের লাঠি দিয়ে কয়েকজনকে মারধর করেন এবং দ্রুত ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেন। এই ঘটনার জের ধরেই শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



