রাজধানী

তুরাগে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার -২

মনির হোসেন জীবন, স্পেশাল করেসপন্ডেন্ট : রাজধানী তুরাগে চাঞ্চল্যকর এবং বহুল আলোচিত অটোরিক্সা চালক সাইফুল ইসলাম ক্লুলেস হত্যা মামলার সন্দেহভাজন প্রধান আসামীসহ দুই জনকে তুরাগ ও ধামরাই থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়ে, আটককৃত প্রধান সন্দেহভাজন আসামি মোঃ শহীদুল ইসলাম (৩৪)। সে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দই খাওয়া বাজার গ্রামের মোঃ নুর ইসলামের পুত্র। বর্তমান ঠিকানা ঢাকা জেলার ধামরাই থানার ছোট চন্দ্রাইল গ্রামে বসবাস এবং তার সহযোগী আসামি স্বপন শেখ ওরফে কবির শেখ (২৮)। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার কান্দা পাড়া (ভরাকান্দা), হোগলা বাজার এলাকার মোঃ শামছুদ্দিন ওরফে শামছু শেখ এর পুত্র।

এসময় একটা হাত ঘড়ি, বেশ কিছু নগদ টাকা, দু’টি বাটন মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্র বলছে, রাজধানী তুরাগ থানার ১৬ নম্বর সেক্টরে সম্প্রতি সংঘটিত আলোচিত অটোরিক্সা চালক সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। এ ঘটনায় প্রধান সন্দেহভাজনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) দিবাগত রাতে তুরাগ থানার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনের সামনে এবং ঢাকা জেলার ধামরাই থানার বাসস্ট্যান্ড ওভার ব্রীজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ রবিবার (১৯ এপ্রিল, ২০২৬) সকাল সাড়ে ১০টায় র‍্যাব-১, উত্তরা কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। র‍্যাব-১, এর কোম্পানী কমান্ডার এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রেসব্রিফিংয়ে র‌্যাব-১, উত্তরার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) শাহ আলম, আবেদুরসহ র‌্যাবের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, র‌্যাব সদস্য ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

ঘটনার বিবরণ উল্লেখ করে র‍্যাব জানায়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অটোরিক্সা চালক সাইফুল ইসলাম (৪২) তার ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে যাত্রী বহনের উদ্দেশ্যে বাহির হয়ে আর বাসায় ফিরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করে কোন সন্ধান না পেয়ে গত চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় এ সংক্রান্তে একটি নিঁখোজ ডায়েরি (জিডি) করেন।

অতঃপর গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল অনুমানিক ৪টার দিকে জানতে পারেন, রাজধানীর তুরাগ থানার ১৬নং সেক্টরস্থ এলাকায় লেকের পানির মধ্যে অজ্ঞাতনামা একজনের লাশ পাওয়া গেছে। পরবর্তীতে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে অটোরিক্সা চালক সাইফুল ইসলামের লাশ সনাক্ত করেন।

থানা পুলিশ ও পরিবারের ধারণা মতে, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মধ্যবর্তী সময়ে অজ্ঞাতনামা আসামীরা নিহত ভিকটিম সাইফুল ইসলাম (৪২)কে পরিকল্পিতভাবে হত্যা করে এবং লাশ গুমের উদ্দেশ্যে লেকের পানিতে নিক্ষেপ করে। এসময় অজ্ঞাতনামা আসামীরা নিহত ভিকটিমের ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি করে নিয়ে যায়।

উক্ত ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী লাভলী বেগম (৪০) বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই খুনের (অটোরিক্সা চালক) হত্যাকান্ডের ঘটনাটি মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়। এরই প্রেক্ষিতে র‌্যাব-১ অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের জন্য ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরধারী শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল ক্লুলেস হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামী- মোঃ শহীদুল ইসলাম (৩৪)কে গতকাল শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাত ৭টা ৫৫ মিনিটের সময় ঢাকা জেলার ধামরাই থানার বাস্ট্যান্ড ওভার ব্রীজ থেকে গ্রেফতার এবং আসামী স্বপন শেখ ওরফে কবির শেখ (২৮)কে একই দিন বিকেল ৪টা ৩৫ মিনিটের সময় রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি মেট্রোরেল ভবনের সামনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা র‌্যাবকে জানিয়েছে, উক্ত হত্যাকান্ডের ঘটনাটি পরিকল্পিত ছিলো বলে তারা অকপটে স্বীকার করেছে। হত্যাকান্ডের সাথে জড়িত- বাবুল, নাইম, সোবাহান, ইয়াছিন, শহীদুল, স্বপন ও নার্গিস এই ৭ জন মিলে অটোরিক্সা চালক সাইফুল ইসলামকে ভাড়া করে নিয়ে তুরাগ থানার কামার পাড়া পুলিশ বক্স বরাবর কাঁচাবাজারে নিয়ে আসে। পরবর্তীতে বাবুলের নেতৃত্বে ভিকটিমকে কাঁচা বাজারের ভিতরে বসে অচেতন করা হয়। পরে ইয়াছিন ভিকটিমের অটোরিক্সাটি চালিয়ে নিয়ে যায় এবং বাকী সহযোগিরা মিলে ভিকটিম সাইফুল ইসলামকে অটোরিক্সা যোগে কৌশলে তুরাগ থানার ১৬নং সেক্টরস্থ লেকে নিয়ে যায় এবং লেকের পানিতে ফেলে দেয়। পরে হত্যা কান্ডের মূল পরিকল্পনাকারী বাবুল ভিকটিমের রিক্সাটি বিক্রি করে শহীদুলকে গত ১৬ ফেরুয়ারি ২০২৬ তারিখে সাত হাজার টাকা দেয় এবং স্বপনকে বিকাশে চার হাজার টাকা প্রদান করে।

র‌্যাব বলছে, হত্যাকান্ডের সাথে জড়িত এবং আটককৃতদের সহযোগী বাবুল, নাইম, সোবাহান ও নার্গিস বিভিন্ন মামলায় বর্তমানে জেল হাজতে আছে।

গ্রেফতারকৃত দুই আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিএমপির তুরাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ