জাতীয়

দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব। তিনি দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত যুব কার্যক্রম অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজের সার্বিক উন্নয়ন নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়েছে এবং এ পরিকল্পনায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যুবসমাজের অবদান নিশ্চিত করার মাধ্যমে দেশের সমাজব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। সরকার একটি সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করে, তাই কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব এবং প্রশিক্ষণ কোর্সগুলো যথাযথভাবে পরিচালনা করতে হবে।

প্রশাসনিক স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ অফিসে সময়মতো উপস্থিত থাকার এবং অধীনস্থদের উপস্থিতি তদারকি করার নির্দেশ দেন। তিনি আরো বলেন, সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময় এবং বরাদ্দকৃত বাজেটের মধ্যেই সম্পন্ন করতে হবে। তিনি উপজেলা ও জেলা পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা যাচাই করতে দ্রুত একটি ‘মনিটরিং সেল’ গঠনের নির্দেশনা প্রদান করেন।

কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, দল-মতের ঊর্ধ্বে এসে সবাইকে দেশের স্বার্থে কাজ করতে হবে। কেউ যাতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত যুব উন্নয়ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ