গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল : চিফ প্রসিকিউটর


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল। তিনি আরও বলেন, গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটি ছিল, ইতোমধ্যে ট্রাইব্যুনাল আইনে সেটি সংবিধিবদ্ধ ছিল। এ আইনে যেহেতু গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আরেকটি আইন ও ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনে হয়নি। অর্থাৎ, গুমের বিচার ট্রাইব্যুনাল আইনেই সম্ভব।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, গুম অধ্যাদেশ যদি বাতিল হয়ে থাকে এবং ট্রাইব্যুনাল আইনের সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়, তাহলে আইনমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এই গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল বলে আমরা কাছে মনে হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত হওয়াটা ভালো কাজ হয়েছে। এটি সঠিক ও যথার্থ হয়েছে বলেও মনে করেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ প্রশস্ত করতে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (সংশোধন) বিল ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে আজ। এই সংশোধনীর মাধ্যমে গুমকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।



