আন্তর্জাতিক

মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত, উত্তেজনা চরমে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) ভোরে চালানো এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি।

প্রাথমিকভাবে জানা গেছে, ইরানের ভেতরে একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে সুনির্দিষ্ট স্থান ও হামলার ধরন সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

আইআরজিসি জানিয়েছে, এই হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে এবং বিষয়টি ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। স্থানীয় সূত্রগুলো বলছে, ইতোমধ্যে সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়েছে।রাজনীতি পডকাস্ট

অন্যদিকে, এ হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা ইসরাইল। তবে সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলার প্রবণতা বাড়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটলো।

বিশ্লেষকদের মতে, আইআরজিসির মতো গুরুত্বপূর্ণ বাহিনীর গোয়েন্দা প্রধানের নিহত হওয়া আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। এতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বেড়ে গেছে এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

এই বিভাগের আরও সংবাদ