শেরপুর

ইসির সভার খবর সংগ্রহে সাংবাদিকদের বাধা, শেরপুরের ডিসির অসৌজন্যমূলক আচরণ

আরফান আলী, শেরপুর: শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভার খবর সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়েছেন স্থানীয় সাংবাদিকরা। এ ঘটনায় জেলা প্রশাসকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় অংশ নিতে শেরপুরে আসেন নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন।

সাংবাদিকদের অভিযোগ, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সভার সংবাদ সংগ্রহ করতে গেলে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান তাদের জানান—“সাংবাদিকরা আমন্ত্রিত নয়” এবং সভাকক্ষ ত্যাগ করতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে জেলায় কর্মরত সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে ওই সভার সংবাদ বয়কটের ঘোষণা দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের চিঠির ভিত্তিতেই সাংবাদিকরা উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেখানে সাংবাদিকদের বসার কোনো ব্যবস্থা রাখা হয়নি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হলে তিনি স্পষ্টভাবে জানান, সাংবাদিকরা এই প্রোগ্রামে আমন্ত্রিত নন এবং শুরু হওয়ার আগেই সবাইকে বের হয়ে যেতে বলেন।

তিনি আরও বলেন, “জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সংবাদ সংগ্রহ করতে না পারায় আমরা মর্মাহত। এটি আমাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা। চলমান নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা প্রশ্ন করতে পারতাম—সম্ভবত সেই আশঙ্কা থেকেই সাংবাদিকদের দূরে রাখা হয়েছে।”

এদিন সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার শেরপুর সার্কিট হাউসে পৌঁছান এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, আনসার ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরবর্তীতে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে পৃথক সভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ ঘটনাকে “অনাকাঙ্ক্ষিত” উল্লেখ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের সঙ্গে বসে বিষয়টির সমাধান করা হবে।

তবে এ বিষয়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এই বিভাগের আরও সংবাদ