শেরপুর

শেরপুর বারে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিএনপি সমর্থিতরা নির্বাচিত

আরফান আলী, শেরপুর: ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ এ ১৩ সদস্যের নির্বাহী পরিষদের সকল পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট এএইচএম নূরে আলম হীরা।

রোববার (২৯ মার্চ) বিকেলে জেলা আইনজীবী সমিতির ২নং বার ভবনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি। এ সময় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল হক আতাহারসহ নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন— সহসভাপতি পদে অ্যাডভোকেট আদিলুজ্জামান আদিল ও অ্যাডভোকেট মো. ফরহাদ আলী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আল-আমীন ও অ্যাডভোকেট মো. সাব্বির হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন আরিফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট ফয়সাল আহমেদ নূর, অডিটর পদে অ্যাডভোকেট মোস্তফা আশেকুজ্জামান বুলবুল এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট রাকিবুল হাসান, অ্যাডভোকেট আব্দুস সবুর, এ ওয়াহিদ রাকু ও অ্যাডভোকেট তাহমিনা আক্তার।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন একটি রাজনৈতিক ধারার এবং অপর দুইজন ভিন্ন রাজনৈতিক ধারার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আইনজীবী সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমিতির সার্বিক উন্নয়ন ও পেশাগত মর্যাদা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ