সচিবালয়ে হঠাৎ কক্ষে কক্ষে গিয়ে উপস্থিতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী


সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় যথাসময়ে উপস্থিতির বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তিনি।
রোববার সকাল ৯টা ৫ মিনিটে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রধাণমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রীপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী।
সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে কক্ষে গিয়ে খোঁজ নেন সরকার প্রধান। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত নিশ্চিতের বিষয়ে খোঁজ খবরও নেন তিনি।
পরে ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
এরপর সকাল ১০টার দিকে মন্ত্রীপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নিবেন তিনি।



