ফরিদপুর

ভাঙ্গায় চা খাওয়া কেন্দ্র করে উত্তেজনা; টর্চলাইট জ্বালিয়ে রাতভর সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মধ্যরাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামটির ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিম ও ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের মধ্যে চা খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে মধ্যরাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা টর্চলাইট জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

পরে স্থানীয় গ্রামবাসী এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, সংঘর্ষের বিষয়টি তার জানা নেই। তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশকে ফোন করা হলেও ঘটনাস্থলে তারা পৌঁছায়নি।

এই বিভাগের আরও সংবাদ