আন্তর্জাতিক

ইরানকে গোয়েন্দা তথ্য দেয়ার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে ঘিরে রাশিয়ার ওপর উঠা অভিযোগ, মস্কো স্পষ্টভাবে অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে রুশ নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন।

সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, ‘রুশ নেতারা বলেছেন, তারা ইরানের সঙ্গে কোনো গোয়েন্দা তথ্য ভাগাভাগি করেনি। আপাতত তাদের কথাই আমরা বিশ্বাস করছি।’ এর আগে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, মস্কো তেহরানকে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সংক্রান্ত সংবেদনশীল তথ্য দিয়েছে।

উল্লেখযোগ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্য ইস্যুতে সহায়ক ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রতি ‘অটল সমর্থন’ও জানান।

এদিকে, ইরান–যুক্তরাষ্ট্র–ইসরাইল সংঘাতের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্র সাময়িকভাবে রাশিয়ার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জানান, বিশেষ করে ভারতের কাছে রাশিয়ার তেল বিক্রির ওপর এই শিথিলতা প্রযোজ্য, যাতে তেলের সরবরাহ ব্যাহত না হয়।

তিনি আরও বলেন, ‘এই স্বল্পমেয়াদি পদক্ষেপে রাশিয়ার জন্য বড় ধরনের আর্থিক সুবিধা হবে না।’ ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে ইরানকে ঘিরে সম্ভাব্য সহযোগিতা সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রিতভাবে পর্যবেক্ষণ করছে।

এই বিভাগের আরও সংবাদ