বনানী থেকে পাজেরো গাড়ী ভর্তি ৫৩৮ বোতল বিদেশী মদসহ আটক-১


মনির হোসেন জীবন : রাজধানীর বনানী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাজেরো গাড়ী ভর্তি ৫৩৮ বোতল বিদেশী মদসহ আল-আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
র্যাব জানিয়েছে, আটককৃত ব্যক্তির নাম মোঃ আল-আমিন (৩০)। সে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার শাকতলী গ্রামের মৃত জিয়াউর রহমানের পুত্র।
এসময় তার নিকট থেকে আনুমানিক প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশী মদ ও একটি পাজেরো গাড়ী উদ্ধার মূলে জব্দ করা হয়।
গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে বনানী থানার ব্লক -জি, রোড নং-৮, বাসা-১৯, “সেলটেক আবির গার্ডেন” ভবনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে মাদকের এ চালানটি আটক করা হয়।
আজ রোববার (৮ মার্চ) ২০২৬ র্যাব-১, উত্তরা অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) শাহ আলম এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-১, উত্তরার একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর বনানী থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান-১ থেকে মহাখালী এলাকার দিকে যাচ্ছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি বনানী থানার ব্লক -জি, রোড নং-৮, বাসা-১৯, “সেলটেক আবির গার্ডেন” ভবনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে আগত একটি পাজেরো গাড়ীকে র্যাব সদস্যরা থামানোর সংকেত দিলে র্যাব এর উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পাজেরো গাড়ী রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় র্যাব সদস্যরা কৌশলে মোঃ আল-আমিনকে পাজেরো গাড়ীসহ গ্রেফতার করতে সক্ষম হয়। তার হেফাজত থেকে ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশী মদ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ডিএমপির বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।



