শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী সেই নুরুজ্জামানের ছোট ভাই


আরফান আলী, শেরপুর: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে সংসদ সদস্য পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী হয়েছেন মরহুম আলহাজ্ব নুরুজ্জামান বাদলের ছোট ভাই আলহাজ্ব মো. মাসুদুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে তাকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার, বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF), শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক, ব্যবসায়িক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
দলীয় নেতাকর্মীরা জানান, জামায়াত বিএনপির সংঘর্ষে নিহত রেজাউল করিমের আত্মত্যাগ এবং এই আসনের সংসদ সদস্য প্রার্থী মরহুম নুরুজ্জামান বাদলের রাজনৈতিক আদর্শ ও উত্তরাধিকারকে ধারণ করেই তাকে প্রার্থী করা হয়েছে। তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।
মনোনয়ন ঘোষণার পর শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এর আগে এই আসনের নির্বাচন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে স্থগিত করা হয়। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো বৈধ প্রার্থী ভোটের আগে মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত রাখা হয়। সেই প্রেক্ষাপটে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছিল।
পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন করে তফসিল ঘোষণা করে জানায়, স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর পুনরায় মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাইসহ নির্বাচনী কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে।
নতুন তফসিল ঘোষণার মধ্য দিয়ে শেরপুর-৩ আসনে নির্বাচনী পরিবেশ আবারও সক্রিয় হয়ে উঠেছে। প্রার্থীরা প্রচারণা কার্যক্রমে প্রস্তুতি নিচ্ছেন এবং ভোটারদের মাঝেও নির্বাচনী আগ্রহ বাড়ছে।



