শেরপুর

শেরপুরে নির্বাচনী উত্তেজনায় মহিষ বাজি, উৎসবে রূপ নিল গ্রাম

আরফান আলী, শেরপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে ঘিরে নালিতাবাড়ী উপজেলার ১২ নম্বর কলসপাড় ইউনিয়নে দেখা গেছে ব্যতিক্রমী এক আনন্দ উদযাপন। শেরপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়ী হওয়ায় পূর্বনির্ধারিত বাজির শর্ত অনুযায়ী একটি মহিষ তুলে দেওয়া হয়েছে বিজয়ী পক্ষের হাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের আগে কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের আব্দুর মান্নান (৬০) ও বালুঘাটা গ্রামের আমীর হোসেন (৪৫) একটি বাজিতে আবদ্ধ হন। শর্ত ছিল—জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া জয়ী হলে আব্দুর মান্নান আমীর হোসেনকে পাঁচটি মহিষ দেবেন। আর ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়ী হলে আমীর হোসেন একটি মহিষ দেবেন আব্দুর মান্নানকে, যা দিয়ে এলাকাবাসীকে আপ্যায়ন করা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শেরপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে ১০ হাজার ১৪০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন।

ফলাফল ঘোষণার পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয়দের সঙ্গে নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে, নাচ-গান করে মহিষটি উত্তর নাকশী এলাকায় নিয়ে আসেন আব্দুর মান্নান। পুরো এলাকায় তখন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, এ ধরনের ব্যতিক্রমী আনন্দ উদযাপন এলাকায় সৌহার্দ্য ও সম্প্রীতির একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে।

বাজিতে জয়ী আব্দুর মান্নান বলেন, ‘ধানের শীষ জেতায় আমরা খুবই খুশি। নির্বাচন এলেই গ্রামগঞ্জে মানুষের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। বাজিতে জিতেছি, এখন মহিষ জবাই করে এলাকাবাসীকে দাওয়াত করে খাওয়াব।’

অন্যদিকে, বাজিতে হেরে মহিষ দেওয়া আমীর হোসেন বলেন, ‘আমরা আনন্দের জন্যই বাজি ধরেছিলাম। হেরেছি, তবুও খুশি মনেই মহিষ দিয়েছি।’

এই বিভাগের আরও সংবাদ