জাতীয় নির্বাচনঃ উৎসবে শেরপুর-১ ও ২, প্রার্থীর মৃত্যুতে স্তব্ধ শেরপুর-৩


আরফান আলী, শেরপুর: ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারা দেশে যখন নির্বাচনী উত্তাপ ও উৎসবের আমেজ, ঠিক তখনই ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে শেরপুর জেলায়। জেলার দুটি আসনে চলছে জমজমাট প্রচারণা, আর একটি আসনে নেমে এসেছে নিস্তব্ধতা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত হওয়ায় এই ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর নির্বাচন কমিশন (ইসি) শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করে জানায়, আইন অনুযায়ী পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করা হবে।
ইসি সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করার বিধান রয়েছে।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন এবং ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে গেছে সব ধরনের নির্বাচনী কার্যক্রম। আগের পোস্টার-ব্যানার থাকলেও গণসংযোগ ও মাইকিং বন্ধ থাকায় পুরো এলাকায় বিরাজ করছে শোকাবহ ও স্তব্ধ পরিবেশ।
অন্যদিকে, একই জেলার শেরপুর-১ (শেরপুর সদর) ও শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট সামনে রেখে চলছে উৎসবমুখর প্রচারণা। প্রার্থীরা ভোটারদের কাছে যেতে ব্যস্ত সময় পার করছেন। উঠান বৈঠক, পথসভা ও মিছিলের মাধ্যমে নিজেদের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন তারা। নির্বাচনী ছোট সাদা কালো পোস্টার ও ব্যানারে সরব হয়ে উঠেছে সড়ক ও জনবহুল এলাকাগুলো।
শ্রীবরদী উপজেলার এক ভোটার জাকারিয়া বলেন, “চারদিকে যখন নির্বাচন নিয়ে ব্যস্ততা, তখন প্রার্থীর মৃত্যুতে আমাদের এলাকায় সবকিছু থমকে গেছে। এমন নির্বাচন আমরা আগে দেখিনি। দুদিন আগেও মাইকিং, প্রার্থীদের গণসংযোগ ছিলো এখন একদম নীরব।
শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রুকুনুজ্জামান রুকন বলেন, নির্বাচন স্থগিত হওয়ার পর আমাদের শেরপুর-৩ আসনের প্রচার প্রচারণা কমেছে। ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ নেই তবে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের প্রধান প্রধান জায়গাগুলোতে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন।
শ্রীবরদী জামায়াতে ইসলামীর কর্মী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সাইফুল ইসলাম সরকার সালেহী বলেন, “নুরুজ্জামান বাদলের মৃত্যু শুধু একটি রাজনৈতিক ক্ষতি নয়, এটি এলাকার জন্যও অপূরণীয়। তাঁর মৃত্যুতে আমাদের সকল নেতাকর্মীরা শোকাহত ও বাকরুদ্ধ। পরবর্তীতে মাঠ জরিপের মাধ্যমে স্থানীয় ও কেন্দ্রীয় সংগঠন যাঁকে প্রার্থী হিসেবে মনোনীত করবেন তার হয়েই কাজ করবো”
এ বিষয়ে জেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে, “আইন অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে এবং নির্বাচনী সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তফসিল ঘোষণা করা হবে।”
শেরপুর সদরের এক ভোটার ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মো. আবু হানিফ বলেন, “শেরপুর-৩ আসনের ঘটনায় আমরা শোকাহত। তবে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে বাকি দুই আসনের প্রচারণা অব্যাহত আছেন। শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত হলেও বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও তার নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে ভোট চাচ্ছেন। তিনি শেরপুর-৩ আসনের একজন জনপ্রিয় প্রার্থী ও তিনবারের সংসদ সদস্য।”
একই জেলার তিনটি আসনে এমন ভিন্ন চিত্রকে ঘিরে ভোটারদের মধ্যেও আলোচনা চলছে। কারও চোখে এটি নির্বাচনের ব্যতিক্রমী বাস্তবতা, আবার কারও কাছে এটি শোক ও উৎসবের একসঙ্গে সহাবস্থানের দৃশ্য।
আগামী ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে পুনরায় নির্বাচনি তফসিল ঘোষণা করার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।





