সোশ্যাল মিডিয়া

আমির হামজার ফেসবুক অ্যাকাউন্ট গায়েব

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া- ৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলোচিত ইসলামী বক্তা আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ মেটা অপসারণ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে আমির হামজার ফেসবুক পেজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এর পরিপ্রেক্ষিতে বিকেলে আমির হামজার আইটি বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেইজটি গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাময়িকভাবে পেইজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই— ফেসবুক থেকে একটি পেইজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না। ইতোমধ্যে পেইজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। সমর্থকদের প্রতি অনুরোধ- ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন।

এই বিভাগের আরও সংবাদ