শেরপুর

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের দাফন সম্পন্ন

আরফান আলী, শেরপুর: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের (৫১) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বুধবার দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পার্ক মাঠে মরহুম বাদলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫টার দিকে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পোড়াগড় গ্রামের নিজ বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন।

মোহাম্মদ নুরুজ্জামান বাদল শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি শ্রীবরদী পৌরসভার দক্ষিণ পোড়াগড় গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে।

তার মৃত্যুতে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি এক সন্তান, স্ত্রী, মাতা, ভাই, বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রসঙ্গত, জামায়াত প্রার্থীর মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছে।

এই বিভাগের আরও সংবাদ