রাজনীতিশীর্ষ নিউজ

নারীদের বাদ দিয়ে দেশ গড়া সম্ভব নয়: তারেক রহমান

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় বিএনপির নির্বাচনী জনসভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল-মত বা শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে হবে। শুধু একটি শ্রেণিকে বাদ দিয়ে কখনোই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হতে পারে না। তিনি স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।

নির্বাচন সামনে রেখে একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের কড়া সমালোচনা করে তারেক রহমান বলেন, নারীদের কর্মজীবন ও সম্মান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুধু নারীদের নয়, পুরো জাতির জন্যই লজ্জার। যারা নারীদের অপমান করে ও ভোটাধিকার হরণ করে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

খুলনা অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এক সময়ের শিল্পনগরী খুলনা আজ প্রায় স্থবির। বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলকে আবার শিল্প ও কর্মসংস্থানের কেন্দ্রে পরিণত করা হবে। তিনি কৃষকদের জন্য কৃষি কার্ড চালু, কৃষিঋণ মওকুফ এবং তরুণদের জন্য আইটি পার্ক গড়ার প্রতিশ্রুতিও দেন।

এই বিভাগের আরও সংবাদ