শেরপুর

শেরপুরে ২০০ বছরের প্রাচীন রংমহলে আধুনিক লাইব্রেরি

আরফান আলী, শেরপুর: কৃষি শিক্ষার প্রসারে ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে শেরপুরে গড়ে উঠেছে এক অনন্য দৃষ্টান্ত। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অভ্যন্তরে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহাসিক ‘রংমহল’ ভবনে স্থাপন করা হয়েছে একটি সুসজ্জিত আধুনিক লাইব্রেরি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ফিতা কেটে লাইব্রেরিটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।

গবেষণা ও উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ হতে এই লাইব্রেরিটি একটি শক্তিশালী তথ্যভিত্তিক আধার হিসেবে কাজ করবে। তিনি প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে জ্ঞানভিত্তিক কৃষি উন্নয়নে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সালমা লাইজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রায় ২০০ বছরের প্রাচীন এই ঐতিহ্যবাহী ভবনে আধুনিক লাইব্রেরি স্থাপনের ফলে শিক্ষার্থীরা ইতিহাসের আবহ অনুভব করার পাশাপাশি পড়াশোনায় আরও উৎসাহিত হবে।

এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ