তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাই: এম এ মালিক


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রথম নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে সিলেটে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী জনাব এম এ মালিক তার বক্তব্যে বলেন, “আজ আমাদের প্রধান অতিথি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচনে সিলেটের প্রতিটি আসনে ধানের শীষকে বিজয়ী করে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”
এম এ মালিক তার বক্তব্যে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি আরও বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলকে সহায় হন।”
‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘শহীদ জিয়া অমর হোক’, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক’ ও ‘তারেক রহমান জিন্দাবাদ’ স্লোগানে জনসভাস্থল মুখরিত করে তুলে তার বক্তব্য শেষ করেন। প্রধান অতিথি জনাব তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে জনসভার সমাপ্তি হয়।
জনসভায় সভাপতিত্ব ও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আবদুল কাইয়ুম চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জসহ সিলেট মহানগরের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণে আলিয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।





