শেরপুরে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


আরফান আলী, শেরপুর: “সুস্থ দেহ, সুন্দর মন—গড়ে তোলে ক্রীড়াঙ্গন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) শেরপুর সরকারি কলেজ মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, শেরপুর-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা সুস্থ সমাজ গঠনে সহায়ক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়াঙ্গনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতার গুণাবলি তৈরি হয়।
দুই দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল ও অ্যাথলেটিক্স ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ ছিল মুখরিত।





