দেশজুড়ে

পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোট স্থগিত

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আপিল বিভাগের একটি রায়ের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের পাবনা-১ ও ২ আসনের নির্বাচন ‘আপাতত’ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গত পাঁচ জানুয়ারি আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইসির একটি সূত্র জানায়।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, মহামান্য আদালত আমাদের পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা না করার জন্য নির্দেশনা দিয়েছেন। আদালতের সেই আদেশ মেনে আমরা এই দুই আসনে ভোটের সকল কার্যক্রম আপাতত স্থগিত করেছি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গত বছরের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। সেখানে সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা-১ আসন ও সুজানগর ও বেড়া উপজেলার সমন্বয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।

ইসির ওই গেজেটের এই দুটি আসনসংক্রান্ত অংশের বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে গত ১৮ ডিসেম্বর রায় ঘোষণা করে।

এই বিভাগের আরও সংবাদ