রাজনীতি

সুন্দরবনে যৌথ অভিযানে পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার, ৬ ডাকাত আটক

সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে পর্যটক,রিসোর্ট মালিক উদ্ধার ও ৬ ডাকাত আটক।

সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার আবরার হাসান এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গত শুক্রবার ( ০২ জানুয়ারি) বিকাল ৩ টায় সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোটযোগে ভ্রমণকালে ৫ জন পর্যটক, ১ জন মাঝি এবং রিসোর্ট মালিকসহ ৭ জন ব্যক্তিকে ডাকাত মাসুম মৃধার নেতৃত্বাধীন একটি ডাকাত দল জিম্মি করে।

ডাকাত দল ৩ জন পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও ২ জন পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে জিম্মি অবস্থায় সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে জানায়।

এমন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে সুন্দরবনের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। অভিযান চলাকালীন ৩রা জানুয়ারি ডাকাত মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার (৪৩), মোঃ সালাম বক্স (২৪) এবং মেহেদী হাসান (১৯) কে সুন্দরবনের গোলকানন রিসোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

পরবর্তীতে গত ৪ জানুয়ারি সুন্দরবনের কৈলাশগঞ্জ এলাকা থেকে ডাকাত সহযোগী আলম মাতব্বর (৩৮) কে আটক করা হয়। একই দিনে খুলনার রূপসা থানাধীন পালেরহাট এলাকা থেকে গোয়েন্দা নজরদারি ও Financial footprint অনুসরণ করে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা জয়নবী বিবি (৫৫) ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুন্ডু (৩০) কে নগদ ৮১ হাজার ৪০০ টাকাসহ আটক করা হয়। রবিবার ৪ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে ড্রোন সার্ভিলেন্স এর মাধ্যমে জিম্মিকৃত ২ জন পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে নিরাপদে উদ্ধার করা হয়। বর্তমানে প্রধান ডাকাত মাসুম মৃধাকে আটকের জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

উদ্ধারকৃত পর্যটকদের পরিবারের কাছে হস্তান্তর এবং আটককৃত ডাকাত সহযোগীদের থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে পর্যটকসহ সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ