ক্যাম্পাস

জকসু নির্বাচনকে ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার তৈরি হচ্ছে ব্যতিক্রমী থিম সং

রাফীদ আদ দ্বীন রাঈম, জবি প্রতিনিধি: আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নির্মিত হচ্ছে একটি ব্যতিক্রমী থিম সং। কোনো নির্দিষ্ট দল বা প্যানেলের প্রচারণার বদলে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সকল শিক্ষার্থীর কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করাই এই গানের মূল লক্ষ্য।

থিম সংটির শিল্পী ও উদ্যোক্তা সংগীত বিভাগের শিক্ষার্থী ফয়সাল কবীর জানান, “এই গান কোনো নির্দিষ্ট দল, প্যানেল বা গোষ্ঠীর জন্য নয়। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীর গান—জবিয়ানদের সম্মিলিত কণ্ঠস্বর। জকসুকে এবং পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করাই এই গানের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হলেও কোনো নির্বাচন বা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সর্বজনগ্রাহ্য থিম সং তৈরির নজির নেই। সেই ঘাটতি পূরণ করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।

সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—থিম সংয়ের ভিডিওতে কোনো একক প্যানেলের আধিপত্য থাকছে না। বরং বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা ‘জবিয়ান’ পরিচয়ে সমানভাবে অংশ নিচ্ছেন। এ বিষয়ে ফয়সাল কবীর বলেন, “আমি একজন স্বতন্ত্র প্রার্থী। কোনো দল বা প্যানেলের অন্তর্ভুক্ত নই। তাই সব প্যানেলের সঙ্গে কথা বলেছি, এবং সবাই অত্যন্ত আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেছেন। এটি মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গান—কোনো প্যানেলের নয়।”

ইতোমধ্যে থিম সংটির ভিডিও ধারণ ও নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই গানটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ফয়সাল কবীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জকসু নির্বাচনে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক (স্বতন্ত্র) পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই বিভাগের আরও সংবাদ