ক্যাম্পাস

রাবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ‘বেগম খালেদা জিয়া হলে’র অডিটোরিয়ামে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে খালেদা জিয়া হলের প্রভােস্ট শরমিন হামিদ বলেন, ‘বেগম খালেদা জিয়া যখন রাজনীতি শুরু করেছেন তখন তার বয়স ৩৮-৪০। উনি যে রাজনৈতিক দূরদর্শিতা দেখিয়েছেন সেজন্যই তাকে আপোষহীন নেত্রী বলা হয়। তার দেশপ্রেম সম্পর্কেও‌‌ বলার কিছু নেই। কারণ তিনি নিজেই বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই মাটি এই মানুষ‌ই আমার আপনজন। আমরা দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

বেগম খালেদা জিয়া হল সংসদের জিএস জারিন তাসনিম রিফা বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয় এটি একটি বিশেষণ৷ দেশ এবং দেশের মানুষের কথা ভেবেই রাজনীতিতে এসেছিলেন৷ তিনি সংকটাপন্ন অবস্থায় দেশের বাইরে যেতে পারতেন, কিন্তু যান নি৷ শেখ হাসিনার শাসনামলে আমরা দেখেছি কীভাবে তাকে নির্যাতন করে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে৷ শারীরিক অবনতি হওয়া সত্ত্বেও কারাবরণ করতে হয়েছে৷ আমরা মন থেকে চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক৷’

রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি জান্নাতুন নাঈম তুহিনা বলেন, ‘আজকে কোনাে রাজনৈতিক পরিচয়ে এখানে আসিনি, এসেছি বাংলাদেশের একজন নাগরিক এবং শিক্ষার্থী হিসাবে। আমরা যাকে ছোটবেলা থেকেই আদর্শ হিসাবে মেনেছি তিনি বেগম খালেদা জিয়া। তার শাসনামলে তিনি যে নারীব্রত এবং নারীদের বিষয়ে যে পদক্ষেপগুলো নিয়েছিলেন তার প্রেক্ষিতে তাকে ভালােবেসে আমরা সবাই তার রোগমুক্তির জন্য দোয়া করছি৷

দোয়া মাহফিলে বিজয় ২৪ হল, শাহ মখদুম হল, আমীর আলী হল, শেরে বাংলা হল, জুলাই ৩৬ হলের প্রভোস্ট সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ