নান্দাইলে ধানে শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরীর সাংবাদিকদের সাথে মতবিনিময়


এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃময়মনসিংহের নান্দাইল নির্বাচনী এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য মনোনীত প্রার্থী নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী সোমবার (১৭ নভেম্বর) উপজেলার চামটা বাজারে বিএনপি দলীয় কার্যালয়ে নান্দাইলের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় ইয়াসের খান চৌধুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের অবস্থান, নির্বাচনকে ঘিরে প্রত্যাশা ও নান্দাইলের সার্বিক উন্নয়ন-পরিকল্পনা সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় তিনি ৩১দফা বাস্তবায়ন ও নান্দাইলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ধানের শীষের মনোনিত প্রার্থী ইয়াসের খান চৌধুরী আরও বলেন, মানুষের অধিকার, নিরাপত্তা, উন্নয়ন, মাদক, চাঁদাবাজ, দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত নান্দাইল গড়তে আমি মাঠে নেমেছি।
আপনাদের সহযোগিতায় আমি নির্বাচিত হতে পারলে মানুষের দীর্ঘদিনের বঞ্চনার সমাধান, শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন ঘটাতে পারব ইনশাল্লাহ। সাংবাদিকদের উদ্দেশ্যে ইয়াসের খান চৌধুরী আরও বলেন, আমি নির্বাচিত হলে নান্দাইলের সকল সাংবাদিকদের এক সারিতে, এক ছাতার নিচে আনার ব্যবস্থা করব এবং উপজেলা সদরে সাংবাদিকদের জন্য একটি মনোরম কমপ্লেক্স ভবন নির্মাণ সহ আবাসন ব্যবস্থা করা হবে।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান ভূইঁয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইঁয়া মনির, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সাবেক সদস্য এম আলমগীর সরকার ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাবুল সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


