আন্তর্জাতিক

এবার ভূমিকম্পে কাঁপলো ইরান

ইরানের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। ভূকম্পনের তীব্রতা অনুভূত হয়েছে দেশটির রাজধানী তেহরানেও। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান প্রদেশে ৫.৩ মাত্রার এ ভূমিকম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

মেহের জানায়, ইস্পাহানের উত্তরে তেহরানের কিছু অংশ এবং কোমেও অনুভূত হয় ভূকম্পন। এছাড়া তেহরান প্রদেশের দামাভান্দ, আবসারদ, কিলান, ভারামিন এবং ফাশামে কম্পন অনুভূত হয়েছে।

প্রথমে কিছু বেসরকারি চ্যানেল ভূমিকম্পের কেন্দ্রস্থল তেহরানের ফাশাম বলে জানালেও পরে এর কেন্দ্রস্থল ইস্পাহান প্রদেশের জাভারেহ বলে জানানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে একই দিন বিকেলে তুরস্কের বাণিজ্য ও সাংস্কৃতিক রাজধানী ইস্তানবুলসহ উত্তর-পশ্চিমের বিভিন্ন শহর মুহূর্তে ভূমিকম্পে কেঁপে ওঠে। তুরস্কের জরুরি সেবা সংস্থা জানায়, প্রাথমিকভাবে রিখটার স্কেল ৫ মাত্রার এই কম্পনে মানুষ আতঙ্কে ভবন থেকে বেরিয়ে পড়ে। স্কুল থেকে সরিয়ে নেয়া হয় শিক্ষার্থীদেরও।

এই বিভাগের আরও সংবাদ