ফরিদপুর

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের শিবরামপুর এলাকায় ট্রাকচাপায় শোভন শেখ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

নিহত শোভন শেখ মাগুরা জেলার শেখ মিজানুর রহমানের ছেলে। তিনি ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে চাকরিরত বাবার সঙ্গে থাকতেন এবং সদর উপজেলার বৈঠাখালী দয়াামপুর গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনা করছিলেন।

আহতরা হলেন একই গ্রামের দুদু মোল্লার ছেলে আব্দুল্লাহ (২১) ও শহরের গোয়ালচামট এলাকার মিলন (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালিয়ে তিন বন্ধু বাড়ি ফিরছিলেন। পথে তাদের মোটরসাইকেল একটি ভ্যানকে ধাক্কা দিলে শোভন পেছন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “শিবরামপুর এলাকায় ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই বিভাগের আরও সংবাদ