ক্যাম্পাস

রাকসু নির্বাচনে ৬ দফা দাবিতে স্মারকলিপি ছাত্রদল সমর্থিত প্যানেলের

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সিনেট ও হল সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে কিছু অত্যাবশ্যক দাবি উত্থাপন করেছে শাখা ছাত্রদল। লিখিত স্মারকলিপিতে দাবি করা হয় এসব দাবি বাস্তবায়ন ব্যতিরেকে কোন ভাবেই স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাকসু কোষাধক্ষের কার্যালয়ের সামনে এই লিখিত দাবি তুলে ধরেন ছাত্রদল মনােনীত ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।

দাবিগুলো হলো ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বছতা বজায় রক্ষার্থে অবশ্যই ‘স্বচ্ছ ব্যালট বাক্স’ ব্যবহার নিশ্চিত, ভুয়া ও জাল ভোট শনাক্তের জন্য বাধ্যতামূলক’ ছবি যুক্ত ভোটার’ তালিকা প্রদান,ডিজিটাল কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রভাব প্রতিরোধে ‘ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, ভোট চলাকালীন সময়ে ভোট প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত বৈধ কার্ড/পাশধারী ব্যক্তি ব্যতীত অন্য কাউকে ভোটকেন্দ্রের ১০০ মিটার এর মধ্যে ঢুকতে না দেওয়া,

এছাড়াও লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার স্বার্থে নির্বাচনে অবৈধ কালো টাকার প্রভাব প্রতিরোধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতেই সকল প্রার্থীর জন্য একই আচরণ বিধিমালা মেনে চলার বিষয়টি মনিটরিং করা ইত্যাদি৷

ছাত্রদল সমর্থিত প্যানেলের দাবির বিষয়ে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ছাত্রদলের একটা দাবি নির্বাচনের দিন সাধারণ ভোটার এবং নির্বাচন কমিশনের পাসধারীরা ছাড়া কেউ যেনো কেন্দ্রের ভেতরে যেতে না পারে, আমরা এই দাবিটা অবশ্যই বাস্তবায়ন করব। নির্বাচনে আমরা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করব, এটা বাস্তবায়নের পথে আছে। বিশ্ববিদ্যালয় পরিবারের নির্বাচনকে সুন্দর করার জন্য সবাই আন্তরিক আছেন সবাই চেষ্টা করছেন। যার যার জায়গা থেকে খুঁটিনাটি পরামর্শ দিচ্ছেন। সবারে সুন্দর পরামর্শে ২৫ তারিখ আমরা সুন্দর একটি নির্বাচন দেখতে পারবো।

এই বিভাগের আরও সংবাদ