কুষ্টিয়ায় ‘এডভান্স প্রযুক্তির ব্যবহার, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার


কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় “কর্মক্ষেত্রে এডভান্স প্রযুক্তির ব্যবহার, চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আধুনিক প্রযুক্তির সম্ভাবনা ও এর ব্যবহারের বাস্তবতা নিয়ে আলোচনা করতেই জেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করেন। কুষ্টিয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ও স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ পরিচালক মিজানুর রহমানসহ জেলা পুলিশের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, কর্মক্ষেত্রে এডভান্স প্রযুক্তির ব্যবহার, চ্যালেঞ্জ ও সম্ভাবনা” এই সময়োপযোগী বিষয়কে কেন্দ্র করে আমরা এখানে একত্রিত হয়েছি, যা অত্যন্ত প্রশংসনীয় ও প্রয়োজনীয় একটি উদ্যোগ। বর্তমান বিশ্ব একটি ডিজিটাল বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবের এ সময়ে প্রযুক্তি যেন প্রতিটি খাতে নতুন মাত্রা এনে দিচ্ছে। সরকারি প্রশাসন এর ব্যতিক্রম নয়। আমাদের দাপ্তরিক কাজ, নাগরিক সেবা প্রদান, তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ সবকিছুতেই এডভান্স প্রযুক্তির ব্যবহার একটি অপরিহার্য বিষয় হয়ে উঠেছে। তিনি আরো বলেন, প্রযুক্তির এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা প্রশাসনকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও দক্ষ করে গড়ে তুলতে পারব। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে নেওয়া হবে, যাতে প্রশাসনিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার আরও সুসংহত ও কার্যকর হয়।
সেমিনারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা হয়, ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা (e-filing), সরকারি সেবায় অটোমেশন ও অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার, সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ, ডেটা ম্যানেজমেন্ট ও বিশ্লেষণসহ বেশ কিছু বিষয়ের উপর আলোচনা করা হয়।
এদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিংয়ের সম্ভাবনা সেমিনারের একটি আলোচ্য অংশে অংশগ্রহণকারীরা বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন, যেমন প্রশিক্ষণের অভাব, বিদ্যমান অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রযুক্তি গ্রহণে মানসিক বাধা ইত্যাদি। তবে বক্তারা আশা প্রকাশ করেন, ধারাবাহিক প্রচেষ্টা ও সক্ষমতা উন্নয়নের মাধ্যমে এসব বাধা অতিক্রম করা সম্ভব। এ সেমিনারে অংশগ্রহণকারীরা তাদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।



