রাবিতে জাতীয় নীতি প্রতিযোগিতা’র আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত


রাবি প্রতিনিধি: প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় নীতি প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার বিষয় ছিলো ‘জুলাই গণঅভ্যুত্থান ও সাংবিধানিক পুনর্গঠন: তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ’।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক একরামুল হক।
প্রধান অতিথি এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, ৬০ লক্ষ মানুষ বিনাদোষে রাজনৈতিক মামলার স্বীকার হয়েছে যার ৯৯% মামলার বাদি ছিলো পুলিশ। আপনারা গর্বের সাথে বলতে পারবেন গত এক বছরে একটাও গুম হয়নি। আমরা সাংবিধানিক ভাবে এমন একটি জায়গায় যেতে চাই যেখানে সকল শহীদদের রক্তের মুল্য দেওয়া হবে৷ জুলাই ও ৭১ একই চেতনার সাথে সংযুক্ত। জুলাই বিপ্লব উৎসারি হয়েছে ৫২ থেকে। আমরা এমন একটি সংবিধানের স্বপ্ন দেখি যে সংবিধানে আর কোন মা বোনকে স্বামি সন্তানের জন্য রাতে অপেক্ষা করতে না হয়। আর কোন কার্টুনিস্টকে যেন জেলে মরতে না হয়।
অনুষ্ঠানের সভাপতি রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেন, রাষ্ট্রের সকল সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো সুশিক্ষা। শ্রেষ্ঠতম সংবিধান অনেক খারাপ কাজ আটকে দিতে পারে কিন্তু একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারে না। ২৪ এর জুলাই আগস্ট আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। নতুন চিন্তাকে ধারণ করতে হলে আমাদের পুরাতন ধারা থেকে বেড়িয়ে আসবে। বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে গিয়ে দেখলাম এখানে সবাই পুরাতন ধারাকেই নিজের বতলে চায়। সবাই চায় আগে ওরা করেছে আমরাও করবো। দেশের প্রতি ভালোবাসার চেতনাকে ধারণ করতে দেশাত্মবোধক গান শোনা লাগে না। আজকের এই অনুষ্ঠানে হারা জিত হবে এটাই স্বাভাবিক। তবে আমাদের সবাইকে দেশকে ভালোবেসে নিজস্বতা প্রকাশের বদলে কাজে দেখাতে হবে।
অনুষ্ঠান শেষে ৫টি দলের মধ্যে বিজয়ী তিনটি দলকে পুরস্কার প্রদান করা হয়।





