ক্যাম্পাস

নীলফামারিতে শ্রমিক হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ সমাবেশ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিক্ষুব্ধ শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষে হাবিব নামে এক শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

এসময় শিক্ষার্থীরা ‘শ্রমিক হত্যার বিচার চাই’, ‘শ্রমিক এর নায্য হিস্যা দাও’, ‘হাবিব হত্যার বিচার চাই’, ‘নীলফামারিতে শ্রমিক মরে! ইন্টেরিম কী করে!’, ‘রাজশাহী টু নীলফামারী, we want Justice’, ‘শ্রমিকের রক্ত কি এতই সস্তার!’, ‘নীলকর থেকে পুঁজিপতি, সবাই অত্যাচারী!’,‘আইন শৃঙ্খলার বেহাল দশা, ইন্টেরিম করে রঙ তামাশা’ ইত্যাদি প্লেকার্ড প্রদর্শন করে।

ছাত্র অধিকার পরিষদ সভাপতি মেহেদী মারুফ বলেন, নীলফামারীতে শ্রমিক হাবিবুর রহমান হাবিবকে যৌথ বাহিনী নৃশংসভাবে হত্যা করেছে। অথচ অনেক গণমাধ্যম এই হত্যাকাণ্ডকে “সংঘর্ষ” হিসেবে চালানোর চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে আমরা সাম্যের সমাজ গড়তে ব্যর্থ হয়েছি, আর গত দেড় দশক ধরে শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে শ্রমিক ও সাধারণ মানুষের ওপর অন্যায়-অত্যাচার চালিয়ে যাচ্ছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে অসংখ্য শ্রমিক ভাই প্রাণ দিয়েছেন। আজ যখন শ্রমিকরা ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে, তখন রাষ্ট্রীয় বাহিনী তাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। অথচ উত্তরবঙ্গের মেহনতী মানুষের ঘাম ঝরানো পরিশ্রমের কারণেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে, উপদেষ্টারা আরাম-আয়েশ ভোগ করতে পারছেন।

এছাড়া উপদেষ্টা উদ্দেশে তিনি বলেন—জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে। যারা দেশের নারী ও জনগণের নিরাপত্তা দিতে পারে না, তাদের মতো অযোগ্য ও অধর্ম উপদেষ্টা এদেশে প্রয়োজন নেই।

বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলার বিচার আজও হয়নি। এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ।

২৪ ঘণ্টার আলটিমেটাম দেন—হাবিব হত্যার বিচার অবিলম্বে করতে হবে, শ্রমিক হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একইসাথে হাবিবের পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিতে হবে এবং হামলার পেছনে যেসব শোষক শ্রেণি মদদ দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

এছাড়া ফকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব বলেন, এভারগ্রিন কোম্পানি কর্মী হাবিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করেছে খুনি প্রসাশন। বাংলাদেশের সবার নায্য হিস্যা আদায় হলেও শ্রমিকরা কখনো তাদের প্রাপ্য অধিকারটুকু পাচ্ছে না। নিহত শ্রমিক হাবিবুরর পরিবারের পূর্ণবাসন করতে হবে এবং হত্যাকারীদের দৃষ্টান্টমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। আগামীতে যাতে শ্রমিক হত্যাকান্ড না ঘটে সেজন্য ইন্টেরিমকে নিশ্চিয়তা প্রদান করতে হবে। শ্রমিকদের মজুরি প্রদানে বিলম্ব করা চলবে না।

এই বিভাগের আরও সংবাদ