রাষ্ট্রীয় নীতি এমন হবে যাতে প্রতিটি শিশু খেলাধুলার সুযোগ পায়: জোনায়েদ সাকি


গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, রাষ্ট্রীয় নীতি এমন হবে যাতে প্রতিটি শিশু খেলাধুলার সুযোগ পায়। আজ ১৭ আগস্ট ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ডিকে কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আপনাদের এই বিপুল উপস্থিতি আমাদের দেশে গ্রাম গ্রামান্তরে ফুটবলের জনপ্রিয়তাকে প্রমাণ করেছে। আমাদের দেশে ফুটবলাররা যদি ঠিকমতো প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা পান, তারা আন্তর্জাতিক পরিসরেও অনেক ভালো করার সম্ভাবনা রাখেন। এর জন্য যে ধরনের পরিকল্পনার দরকার ছিল তা আমাদের দেশে হয়নি।
জোনায়েদ সাকি আরও বলেন, আমাদের দেশের মানুষের ফুটবলপ্রেম রাষ্ট্রীয় নীতিতে প্রতিফলিত হয়নি, তাই দেশের যে শিশুরা বিশ্ব দরবারে নামকরা ফুটবলার হয়ে উঠতে পারে তাদের জন্য আমরা সেরকম সুযোগ দিতে পারিনি। আমরা আশা করি, তরুণদের রক্ত ও আত্মত্যাগের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের যাত্রায় খেলাধুলাতেও নতুন করে কিছু করতে পারবো। এমন নীতি নিতে পারব যাতে আমাদের প্রতিটি শিশু খেলার সুযোগ পায়, যাতে তাদের মনের ও শারীরিক বিকাশ ঘটে।
খেলায় এসআরএফসি হরিপুর ধনীপাড়া ক্লাবকে ২ গোলে পরাজিত করে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় সদস্য মো. মানিক ইসলাম, গণসংহতি আন্দোলন ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম, আনারুল ইসলাম। উক্ত পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক আশরাফুল ইসলাম।


